ওষুধ কোম্পানির নিয়ন্ত্রণে স্বাস্থ্যখাত, নার্সদের মর্যাদা নিশ্চিতের আহ্বান ফরহাদ মজহার

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের স্বাস্থ্যব্যবস্থা কার্যত ওষুধ প্রস্তুতকারী কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তার মতে, চিকিৎসকদের প্রেসক্রিপশনও অনেক সময় এসব কোম্পানির নির্দেশনা অনুযায়ী তৈরি হয়, ফলে ওষুধের দাম বেড়ে গেছে কয়েকগুণ।

শনিবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন, আশির দশকে বেসরকারিকরণ শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য খাতের অবক্ষয় শুরু হয়। বড় বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি ও প্রাইভেট হাসপাতালের প্রভাব বাড়তে থাকায় চিকিৎসকরা কোম্পানির চাপের মুখে পড়েন, আর রোগীরা বেড়ে যাওয়া ব্যয়ের শিকার হন।

ফরহাদ মজহার বলেন, প্রাইভেট খাত কখনোই নার্সদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারেনি। বরং নার্সদের গুরুত্ব কমিয়ে শ্রমিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। অথচ দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নার্সরাই মূল রক্ষাকর্মী।

তিনি জানান, বর্তমানে দেশের ৬৭ শতাংশ রোগ অসংক্রামক, আর এসব রোগ প্রতিরোধে নার্সদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও জনসচেতনতায় নার্সরা কাজ করলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব, যা শুধু ওষুধ দিয়ে সম্ভব নয়।

নার্সদের সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় নার্সিং পেশাকে কেন্দ্রীয় জায়গায় আনতে হবে। নার্সদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত না করলে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম, মহাসচিব আসাদুজ্জামান জুয়েল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সাবেক পরিচালক জরিনা খাতুন।

Read Previous

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ

Read Next

দেশজুড়ে কোথাও কোথাও বৃষ্টি, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular