পর্যটন সংবাদ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর পর্ব আজ (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা সুপার ফোরে জায়গা করে নেয়। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। সুপার ফোরের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের অতীত রেকর্ড মিশ্র। এখানে তারা চারটি টি-টোয়েন্টি খেলেছে, জিতেছে দুইটিতে, হেরেছে দুইটিতে। ওয়ানডেতে চার ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল, সেটিও ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে।
আজকের ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে এসেছে পরিবর্তনও। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। দলে যোগ হয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ সমর্থকরা আশা করছেন, টসে যেমন ভাগ্য সহায় হয়েছে, ম্যাচের ফলও তেমনই তাদের মুখে হাসি ফোটাবে।



