
দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে আগামী ১৬ মে থেকে। বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) নেওয়া হবে না। সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইটে গিয়ে নিজস্ব জিমেইল আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।
আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলেই পাবেন। নিজস্ব জিমেইল আইডি থেকে কিউআর কোড সম্বলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



