
পর্যটন সংবাদ ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপদেষ্টা জানান, সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ এগিয়ে চলছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
সাক্ষাৎকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও উপস্থিত ছিলেন।



