
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। নতুন এই এয়ারক্রাফটটি স্পেনের ট্যুরেল থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৪৩৬ আসনের এই আধুনিক এয়ারবাসটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, নতুন যুক্ত হওয়া এই বিমানটি দিয়ে শিগগিরই সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে মোট ২৫টি এয়ারক্রাফট—এর মধ্যে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০। এয়ারক্রাফটের সংখ্যার দিক থেকে এটি এখন বাংলাদেশের সর্ববৃহৎ বিমান সংস্থা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।



