
পর্যটন সংবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের নিরাপদে দেশে ফেরাতে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
প্রথম ফ্লাইটটি আজ বুধবার (৪ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়বে। ফিরতি যাত্রায় একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার দিকে রওনা হবে।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়বে। দুবাই থেকে ফিরতি ফ্লাইট রাত ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
এই দুটি ফ্লাইটই ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছে। ফ্লাইট নম্বর ঢাকা থেকে দুবাই: বিএস-৩৪১ এবং দুবাই থেকে ঢাকা: বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট অথরিটি বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে এ ধরনের বিশেষ ফ্লাইট চালানোর অনুমতি প্রদান করেছে।
ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বা শিগগিরই উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার দিয়ে এ ফ্লাইটগুলোতে আসন বরাদ্দ করা হবে।
টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
হটলাইন নম্বর: ১৩৬০৫ অথবা মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬।
এই উদ্যোগের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসীদের সুরক্ষা ও নিরাপদ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



