আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

বাংলাদেশ সরকার বাজারে ডিমের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৯ নভেম্বর, বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, দেশের ৪৩টি প্রতিষ্ঠানকে আরও ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় গত ১৮ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা দেশে ডিমের সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠির মাধ্যমে তারা ডিম আমদানির প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

এর আগে গত অক্টোবর মাসে দুই দফায় ১৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে বলে মনে করা হয়।

উল্লেখ্য, কিছু দিন আগে বাজারে প্রতি ডজন ডিমের দাম বেড়ে প্রায় ২০০ টাকা ছুঁইছুঁই করেছিল। ১৯০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন সরবরাহে ঘাটতির কারণে ডিম পাওয়া যাচ্ছিল না। আমদানির অনুমতি দেওয়ায় ডিমের দাম কমে আসে। সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্য অনুযায়ী আজ ঢাকার বাজারে প্রতি ডজন ডিম এখন ১৪৪ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদফতর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল। সে অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বিক্রি হওয়ার কথা।

এতেও বাজার নিয়ন্ত্রণে না এলে দুই দফায় ডিম আমদানির অনুমতি ও গত ১৭ অক্টোবর বাজারে ডিমের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সহনীয় পর্যায়ে রাখতে ডিম আমদানিতে কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেদিন ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের বাজার মনিটরিং, বিভিন্ন বাজারে ডিম ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক, ভারত থেকে ডিম আমদানি ও আমদানি শুল্ক হ্রাসসহ নানা নাটকীয়তার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ডিমের বাজারে। বর্তমানে প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়।

Read Previous

বিপুল সংখ্যক পুুলিশ মোতায়েন তিতুমীর কলেজে

Read Next

কোনো ব্যাংক বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular