
পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা চলছে। তবে কাবুলের তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—মার্কিন সেনাদের আর কখনোই আফগান মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে কাবুল প্রস্তুত। তবে সামরিক উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখাই হবে মূল লক্ষ্য।
এর আগের দিন, বৃহস্পতিবার সিএনএন জানায়—তালেবানের কাছ থেকে বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার উপায় খুঁজতে কয়েক মাস ধরে মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিয়ে আসছেন ট্রাম্প। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রথমবার প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম ঘাঁটি দীর্ঘ দুই দশক ধরে ছিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ২০২১ সালে সেনা প্রত্যাহারের পর তালেবান ঘাঁটিটি দখল করে নেয়। ট্রাম্প এখন সেটি ফেরত আনার চেষ্টা করছেন, কারণ এর অবস্থান চীনের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন।



