
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীতে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, শীর্ষ পুলিশ কর্মকর্তা ও আমলাসহ মোট ৪০ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে পর্যায়ক্রমে আসামিদের প্রিজন ভ্যানে করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যাদের হাজির করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমীর হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক এমপি সোলাইমান সেলিম, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী এবং শিল্পপতি ও সাবেক প্রতিমন্ত্রী সালমান এফ রহমান।
কাশিমপুর কারাগার থেকে আরও ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে আলাদাভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই মামলাগুলোর মধ্যে রয়েছে বহুল আলোচিত মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাতটি মানবতাবিরোধী অপরাধের মামলা।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, এসব অভিযুক্তদের বিভিন্ন সময় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে।
–পর্যটন সংবাদ প্রতিবেদক
সূত্র: নিজস্ব প্রতিবেদক ও ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র



