
পর্যটন সংবাদ ডেস্ক: কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক পরিবর্তন আসছে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে। কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টাডি পারমিটের আবেদনে জীবনযাত্রার খরচ বাবদ ব্যাংক সলভেন্সির পরিমাণ বাড়ানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডায় এক বছর বসবাসের খরচ হিসেবে ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার (প্রায় ২১-২২ লাখ টাকা) দেখাতে হবে। এটি পূর্বের ২০ হাজার ৬৩৫ ডলারের তুলনায় প্রায় ২ হাজার ২৬০ ডলার বেশি।
কীভাবে হিসাব করতে হবে?
ধরা যাক, আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বছরে ২০ হাজার ডলার। তাহলে আপনার মোট আর্থিক সক্ষমতা বা সলভেন্সি হতে হবে প্রায়:
- ২২,৮৯৫ ডলার – জীবনযাত্রার খরচ
- ২০,০০০ ডলার – টিউশন ফি
- ২,৫০০ ডলার – ট্রাভেল ও অতিরিক্ত খরচ
- মোট: ৪৫,৩৯৫ কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ৪১–৪২ লাখ টাকা)
বিনিময় হার অনুযায়ী টাকার পরিমাণে হেরফের হতে পারে।
পরিবারসহ গেলে সলভেন্সি আরও বাড়বে
যদি শিক্ষার্থীর সঙ্গে তার জীবনসঙ্গী (স্বামী/স্ত্রী) বা সন্তানরা কানাডায় যান, তবে জীবনযাত্রার খরচ অনুযায়ী বাড়তি অর্থ দেখাতে হবে:
- স্বামী/স্ত্রীসহ: ২৮,৫০২ ডলার
- স্বামী/স্ত্রী ও ১ সন্তান: ৩৫,০৪০ ডলার
- স্বামী/স্ত্রী ও ২ সন্তান: ৪২,৫৪৩ ডলার
- অতিরিক্ত প্রতি সদস্যের জন্য: ৬,১৭০ ডলার
এই হিসাবে দেখা যাচ্ছে, পরিবারসহ কেউ কানাডায় যেতে চাইলে তার ৫০ থেকে ৬০ লাখ টাকার সমপরিমাণ ব্যাংক সলভেন্সি থাকতে হবে।
কোন কোন ডকুমেন্টে সলভেন্সি প্রমাণ করা যাবে?
স্টাডি পারমিট আবেদনকারীরা নিচের যেকোনো উপায়ে সলভেন্সি দেখাতে পারবেন:
- বাংলাদেশে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থ
- কানাডার ব্যাংকে অ্যাকাউন্টে অর্থ
- শিক্ষা ঋণ সংক্রান্ত কাগজপত্র
- স্পনসরশিপ লেটার (পরিবার বা আত্মীয়দের পক্ষ থেকে)
- বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্কলারশিপ বা ফান্ডিংয়ের প্রমাণ
কারা আগের নিয়মে আবেদন করতে পারবেন?
যারা ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের আগে আবেদন করবেন, তারা আগের নিয়ম অনুযায়ী ২০,৬৩৫ কানাডিয়ান ডলার জীবনযাত্রার খরচ দেখিয়ে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ সতর্কতা:
সঠিক ও সম্পূর্ণ ফান্ড ডকুমেন্ট জমা না দিলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। তাই তথ্য জমা দেওয়ার আগে বারবার যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুতি নিতে এখনই সময়। কানাডার হালনাগাদ নিয়ম অনুযায়ী সঠিক তথ্য ও অর্থনৈতিক প্রমাণপত্র প্রস্তুত রাখুন, যাতে আবেদন প্রক্রিয়া হয় ঝামেলামুক্ত।
–পর্যটন সংবাদ প্রতিবেদক



