আটাব কমিটিকে কারণ দর্শানোর নোটিশ বাণিজ্য মন্ত্রণালয়ের

বাণিজ্য মন্ত্রণালয় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশর (আটাব) বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক প্রশাসক নিয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেন ।

আজ (২২ এপ্রিল) জারিকৃত এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে আটাবে প্রশাসক নিয়োগ কেন করা হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয় এই নোটিশে। এ ক্ষেত্রে সকল তথ্য প্রমাণসহ জবাব দিতে নির্দেশ জারী করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।

এ নিষয়ে আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো নোটিশ আমরা পাইনি। নোটিশ পেলে প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত মার্চ মাসে আটাবের বর্তমান কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের দাবি তোলে ‘আটাব সংস্কার পরিষদ’। সংগঠনটির আহ্বায়ক গোফরান চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলাদা আলাদা চিঠি পাঠিয়ে এ দাবি জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান কমিটি ভৌতিক ভোটার তালিকা, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। তাই এই কমিটিকে আজীবনের জন্য যেকোনো বাণিজ্য সংগঠনে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, আবদুস সালাম আরেফ ততকালীন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিমের আত্মীয় পরিচয়ে সন্ত্রাসী ও প্রশাসনের সহায়তায় ২০১১ সাল থেকে নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে দুবার মহাসচিব হন এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। একইভাবে মহাসচিব পদেও দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ হয়েছে। বর্তমান কমিটি ‘আটাব অনলাইন’ নামে একটি অনলাইন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করে, যা আটাবের বিধি এবং সদস্যদের স্বার্থবিরোধী। সেই প্রতিষ্ঠান ব্যবহার করে সভাপতি ও মহাসচিবের প্রতিষ্ঠানের নামে চেক ইস্যু করে অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগও আনা হয়। পরে আটাব অনলাইন বিলুপ্ত ঘোষণা করা হলেও শেয়ারহোল্ডারদের কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। এসব কারণেই প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে আটাব সংস্কার পরিষদ।

এ প্রসঙ্গে আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ আজকের পত্রিকাকে বলেন, ‘আটাবের বর্তমান কমিটির প্রচেষ্টায় টিকিটের দাম কমেছে। এ অবস্থায় উড়োজাহাজের টিকিটের অতিরিক্ত দাম বাড়াতে না পেরে একটি পক্ষ আমাদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে।’

Read Previous

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের আমিরের মায়ের বৈঠক

Read Next

শ্রীমঙ্গলের রাধানগর এখন পর্যটনের মডেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular