পর্যটন সংবাদ ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক দীর্ঘদিন ধরে ত্বকের ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। নিয়মিত চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে তিনি রোগ নিয়ন্ত্রণে রাখছেন।
সাম্প্রতিক একটি অস্ত্রোপচারের পর ক্লার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার নাকের একটি অংশ কেটে ফেলা হয়েছে এবং ত্বকের ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব অপরিসীম। ক্লার্ক লিখেছেন, “ত্বকের ক্যান্সার বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। নিয়মিত পরীক্ষা ও ত্বকের যত্ন অপরিহার্য।”
২০০৬ সালে প্রথমবার জনসম্মুখে ত্বকের ক্যান্সারের বিষয়টি প্রকাশ করেন ক্লার্ক। এরপর বিভিন্ন সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে ক্যান্সার অপসারণ করেছেন।
ক্রিকেট জগতে ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জয়ী হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে। ২০১৫ সালে তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
ত্বকের ক্যান্সারের এই সচেতনতামূলক বার্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ পর্যটকদের জন্যও, যারা সূর্যের তীব্রতা বেশি অঞ্চলে ভ্রমণ করেন। পর্যটকরা যেন সানস্ক্রিন ব্যবহার, হ্যাট পরিধান ও নিয়মিত ত্বকের পরীক্ষা করার মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখেন।



