
খুলনা প্রতিনিধি | পর্যটন সংবাদ: খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলের একটি কক্ষ থেকে শান্তা ইসলাম (৪২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে ‘আসমা’ নামে নিবন্ধন করে ওই নারী কক্ষটি ভাড়া নেন। পরদিন সকালে তিনি হোটেলের নিয়মিত নাস্তা গ্রহণ করেন। দুপুরের দিকে হাউসকিপিং কর্মীরা কক্ষটি পরিষ্কারের জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ সন্দেহে পড়ে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, বিকেল ৪টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলা পুলিশ সদস্যদের সহায়তায় কক্ষের তালা ভেঙে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শান্তা ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা এবং ঢাকার বিভিন্ন এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। হোটেল কক্ষে পাওয়া একটি জন্মসনদ ও গৃহপরিচারিকা সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকানা থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হলেও, সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
পর্যটন সংশ্লিষ্ট যেকোনো স্থানে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকেও আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



