এক মিনিট ইন্টারনেট বন্ধ নয়, সংস্কৃতিমনা সরকারের পুনর্বিবেচনা—পর্যটনবান্ধব পদক্ষেপ?

পর্যটন সংবাদ ডেস্ক: ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে ঘোষিত ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। প্রবল সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার (৩ জুলাই) নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রথমে ১৮ জুলাই রাত ৯টায় প্রতীকী এক মিনিট ইন্টারনেট বন্ধের কর্মসূচি ঘোষিত হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া এবং প্রযুক্তি ও মানবাধিকার বিশেষজ্ঞদের উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সরকার।

বিশ্লেষকরা মনে করছেন, ইন্টারনেট ব্ল্যাকআউট পরিকল্পনা বাতিলের এই সিদ্ধান্ত দেশের পর্যটনবান্ধব ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের পর্যটনশিল্পের অন্যতম চালিকাশক্তি হচ্ছে অনলাইনভিত্তিক তথ্য ও যোগাযোগ। ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটলে ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা, দিকনির্দেশনা ও জরুরি তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হতো।

এ বিষয়ে এক সামাজিকমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, “যেখানে প্রতিদিন হাজারো ভ্রমণকারী গুগল ম্যাপ, বুকিং ডট কম কিংবা এয়ারবিএনবির মাধ্যমে চলাচল ও থাকার ব্যবস্থা নিশ্চিত করেন, সেখানে এমন এক মিনিটের ব্ল্যাকআউটও বড় ধাক্কা দিতে পারতো পর্যটন খাতে।”

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী ফেসবুকে লেখেন, “বড় আকারের কর্মসূচিতে এ ধরনের ভুল চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু আমরা নাগরিকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত সংশোধন করেছি। এখন আর ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না।”

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সরকারের এমন ইতিবাচক সাড়া প্রমাণ করে, সমালোচনাকে তারা সম্মানের সঙ্গে নেয় এবং পর্যটনবান্ধব প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পথে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অতীতে ২০২৪ সালের ১৮ জুলাই সরকারের নির্দেশে পাঁচ দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় দেশজুড়ে ভ্রমণ, অনলাইন টিকিটিং, বুকিংসহ নানান পর্যটনসেবা স্থবির হয়ে পড়েছিল। তাই এবার প্রতীকী হলেও ‘এক মিনিট ইন্টারনেট বন্ধ’ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত দায়িত্বশীল ও গণমুখী সিদ্ধান্তের মাধ্যমে সরকার এই কর্মসূচি বাতিল করায় দেশের প্রযুক্তি ও পর্যটন খাত উভয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Read Previous

সরকারি-বেসরকারি স্কুল-কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ’ দিবস উদযাপনের নির্দেশ

Read Next

রূপালী ব্যাংকের সাফল্য: ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular