
পর্যটন সংবাদ ডেস্ক: ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে ভয়াবহ এক ফেরিডুবির ঘটনা ঘটেছে। যাত্রীবাহী ফেরিটি ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন।
“কেএমপি তুনু প্রত্যমা জয়া” নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছেড়ে যায়। তবে গন্তব্য বালির গিলিমানুক বন্দরে পৌঁছানোর আগেই, যাত্রার মাত্র ৩০ মিনিটের মাথায় এটি সাগরে ডুবে যায়। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ও ১২ জন কর্মী ছিলেন। এছাড়া ছিল ২২টি যানবাহন, যার মধ্যে ১৪টি ট্রাক।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের অনেকেই দীর্ঘ সময় সাগরের ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণে অচেতন হয়ে পড়েছিলেন।
উদ্ধারকাজে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে রয়েছে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট। ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, রাতভর অভিযান চলেছে এবং উত্তাল সাগরের দুই মিটার উচ্চতার ঢেউ উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া একটি দ্বীপ-রাষ্ট্র হওয়ায় ফেরি এখানকার প্রধান পরিবহন মাধ্যম। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্রায়ই ঘটছে নৌ দুর্ঘটনা।
পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি ও ফেরির নিরাপত্তা মান যাচাই করে তবেই যাত্রা শুরু করা উচিত।



