১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগরে ধানের চারা রোপণ: সংস্কৃতির প্রাণকেন্দ্রের বেহাল দশায় অভিনব প্রতিবাদ শিক্ষার্থীদের

পর্যটন সংবাদ ডেস্ক: সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বরাবরই আলোচনায় থাকে। আর সেই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র, সেলিম আল দীন মুক্তমঞ্চ বর্তমানে পরিণত হয়েছে কাদা-পানির জমে থাকা এক ভগ্নদশাগ্রস্ত এলাকায়। এর প্রতিবাদে এবার অভিনব এক কর্মসূচি হাতে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন শিক্ষার্থী—মঞ্চজুড়ে রোপণ করেছেন ধানের চারা।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের মতে, সামান্য বৃষ্টিতেই মুক্তমঞ্চে পানি জমে সৃষ্টি হয় কর্দমাক্ত পরিবেশের, যা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগরের লেকগুলো ভরাট হয়ে যাওয়ায় মুক্তমঞ্চে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই এখানে জমে থাকে কাদা ও পানি। দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ পাইনি। তাই এবার আমরা ধানের চারা রোপণের মাধ্যমে এক অভিনব প্রতিবাদ জানিয়েছি, যাতে বিষয়টি গুরুত্ব পায়।”

প্রতিবাদকারীরা জানান, তারা চান প্রশাসন শুধু মুক্তমঞ্চ নয়, পুরো সাংস্কৃতিক পরিসরকে ঢেলে সাজাক, যেন ভবিষ্যতে সাংস্কৃতিক আয়োজনগুলোর জন্য পরিবেশ সম্মত ও নান্দনিক পরিসর গড়ে ওঠে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ শুধু নাট্যচর্চা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, আবৃত্তি, সংগীতসহ নানা কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। পর্যটনপ্রেমী দর্শনার্থীরাও বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের সময় মুক্তমঞ্চটি একবার হলেও দেখতে যান। ফলে এর এহেন অবস্থা শুধু শিক্ষার্থীদের নয়, ভ্রমণপিপাসুদের মনেও বিরূপ প্রভাব ফেলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপই পারে সংস্কৃতির এই কেন্দ্রকে তার পূর্ণ গৌরবে ফিরিয়ে দিতে। এখন দেখার বিষয়, অভিনব এই প্রতিবাদ প্রশাসনের দৃষ্টিগোচর হয় কিনা।

Read Previous

কুশিয়ারচর ভ্রমণ: প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পদ্মার চর আর খেজুরবাগানের গল্প

Read Next

মুহাররম মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠক বৃহস্পতিবার, আশুরার তারিখ নির্ধারণ হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular