
সিলেটের জনপ্রিয় পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৬৭টি স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১৮ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। অভিযানে পরিবেশ অধিদপ্তর, পিডিবি, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।
টাস্কফোর্সের সদস্যরা জাফলংয়ের বিভিন্ন পাথর কোয়ারি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৬৭টি স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং মিটার জব্দ করেন। এসব স্থাপনা থেকে পরিবেশ এবং জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।
অভিযানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মামুনুর রশিদ, পিডিবির প্রকৌশলী সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম এবং সিলেট বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা মো. বিপ্লব হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “জাফলংয়ের পরিবেশ ও গুরুত্ব বিবেচনায় এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জাফলং সফর করে পাথর উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।



