ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তাছাড়া ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাধারণ জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, আজ কোনো ক্লাস-পরীক্ষা হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন এবং সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ ডেকেছে।
গতকাল বাংলাদেশের ছাত্রনেতারা আজ দেশজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক দেন।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, জনতা, এমনকি শিশু-কিশোরদেরও জড়ো হতে দেখা গেছে ইসরায়েলবিরোধী কর্মসূচিতে। তারা ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে দেখা গেছে।
ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা সকল ক্লাস-পরিক্ষা বন্ধ করে ক্যাম্পাসের সামনে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে ১১টায় ৮ নম্বর গেট থেকে ‘স্ট্যান্ড ফর প্যালেস্টাইন’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিল থেকে গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া হয়।

এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।



