
ইসরায়েলের ওপর বাংলাদেশের পাসপোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। একই সঙ্গে ইসরায়েল থেকে কেনা গুপ্তচরবৃত্তির সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান।
তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির পরও ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজাকে দখল করে ইসরায়েলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এ অবস্থায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। এক মাসের মধ্যে পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।
পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘শেখ হাসিনার পতনের আগে মুসলমানরা মুখ খুলতে ভয় পেত। সেই ভয় এখন কেটে গেছে। আমাদের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ লেখা এখনও পুনর্বহাল হয়নি। শেখ হাসিনা ভারত ও ইসরায়েলের দালাল বলে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ’ কথাটি তুলে দিয়েছিলেন।’
তিনি ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাসপোর্টে নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং পেগাসাস ব্যবহার বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ট্রাম্প নির্বাচনের আগে গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখন ফিলিস্তিনিদের তাড়িয়ে গাজা দখলের নীলনকশা করেছেন। কিন্তু ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো যাবে না।
এর আগে বায়তুল মোকাররম থেকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদ।



