
অভ্যন্তরীণ ও সার্কভুক্ত দেশসহ বিশ্বের অন্যান্য দেশ ভ্রমণে বিমানের টিকিটের খরচ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান এক্সসাইজ ডিউটি বাড়ানোর পরিকল্পনা করায় টিকিটের দাম বেড়েছে বলে জানা গেছে।
এনবিআর সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে বর্তমানে প্রতিটি বিমান টিকিটের ক্ষেত্রে এক্সসাইজ ডিউটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোতে ৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ ১,০০০ টাকা করা হচ্ছে; আর অন্যান্য দেশে আন্তর্জাতিক ফ্লাইটে ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,০০০ টাকা করা হয়েছে এই শুল্ক।
এনবিআর সূত্র বলছে, এর বিপরীতে অন্তত বাড়তি ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে।
একইসঙ্গে তামাক জাতীয় পণ্যের দাম এবং সাপ্লিমেন্টারি ডিউটি- দুটিই বাড়ানো হচ্ছে। এর ফলে অর্থবছরের বাকি ছয় মাসে বাড়তি প্রায় ৪,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পালন করতে গিয়ে চলতি অর্থবছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা আদায়ের জন্য এনবিআর এ পথে হাঁটছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।



