
পর্যটন সংবাদ ডেস্ক : ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে প্রস্তুতি শুরু হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে জিলহজ মাসের প্রথম দিন ১৮ মে পড়বে, ফলে ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা হতে পারে।
পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও অনুরূপ সম্ভাবনার কথা জানিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে ২৭ মে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে আরাফাতের দিন ২৬ মে এবং ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ইউরোপ ও যুক্তরাজ্যে অবশ্য চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ অথবা ২৮ মে ঈদ পালন করা হতে পারে বলে জানিয়েছে মুসলিম কমিউনিটির প্ল্যাটফর্মগুলো।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সে অনুসারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদকে সামনে রেখে সড়ক যানজটমুক্ত রাখা, পশুর হাট ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতসহ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার।


