০৭/০৫/২০২৬
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের এভিয়েশন হাবে রূপান্তরের ঘোষণা

পর্যটন সংবাদ ডেস্ক : বগুড়াকে দেশের উত্তরাঞ্চলের প্রধান এভিয়েশন কেন্দ্রে পরিণত করার বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়নে আজ সকালে তিন মন্ত্রী বিমানবন্দরটি সরেজমিন পরিদর্শন করেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম জানান, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বগুড়াকে একটি পূর্ণাঙ্গ এভিয়েশন হাবে উন্নীত করা হবে।

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরি করা হবে, যাতে বড় যাত্রীবাহী ও কার্গো বিমান অবতরণ করতে পারে। এছাড়া কার্গো টার্মিনাল ও পাইলট প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পজাত দ্রব্য ও অন্যান্য পণ্য দ্রুত রপ্তানি সম্ভব হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বর্তমানে প্রায় ১০৯ একর জমির ওপর অবস্থিত এই বিমানবন্দরটি স্বল্পদৈর্ঘ্যের উড়োজাহাজ চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। সম্প্রসারণের পর বগুড়াসহ জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের মানুষ সরাসরি উপকৃত হবেন। ঢাকা থেকে বগুড়ায় আকাশপথে যাতায়াতের সময় কমে আসবে মাত্র ১৫-২০ মিনিটে।

পরিদর্শনকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার পর এই প্রকল্পের বাস্তবায়ন উত্তরবঙ্গের যোগাযোগ ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাংলাদেশি ট্র্যাভেল এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular