০৫/০৫/২০২৬
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও চায় বিমানের বহরে জায়গা

পর্যটন সংবাদ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তির মাত্র চার দিনের মাথায় ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করে বিমানের বহরে মিক্সড ফ্লিট (বোয়িং ও এয়ারবাস উভয়ের সমন্বয়) গঠনের সুবিধা তুলে ধরেন।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানমের পাশাপাশি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। এয়ারবাস জানিয়েছে, শুধু বোয়িং নির্ভরতার পরিবর্তে মিক্সড ফ্লিট থাকলে রক্ষণাবেক্ষণ, পরিচালন ব্যয় এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতায় উল্লেখযোগ্য সুবিধা পাওয়া যাবে। মন্ত্রণালয়ও এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে বিমান ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েছিল এবং চারটি কেনার অনুমোদনও হয়। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বোয়িং ও এয়ারবাস উভয়ের কাছ থেকে নতুন প্রস্তাব আসলেও মার্কিন শুল্ক সমন্বয়ের কারণে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। এখন এয়ারবাস আবার সক্রিয় হয়ে বিমানের বহর বৈচিত্র্যকরণের প্রস্তাব দিয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লিট আরও শক্তিশালী ও বৈচিত্র্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

হজযাত্রীদের জন্য স্বস্তির খবর: ফ্লাইট মিস করলে বিমান ভাড়া ফেরত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular