
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা প্রদান কার্যক্রম আগামী ৬ মে থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রায় দেড় বছর ধরে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের সরকারি পর্যায়ে চলমান আলোচনা এবং সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৬ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং তার দু-তিন দিনের মধ্যে ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
এই উদ্যোগ বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত ভ্রমণের দ্বার উন্মুক্ত করবে। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় ভিসা পুনরায় চালু হওয়ায় দীর্ঘদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে রাখা অনেক বাংলাদেশি এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু পর্যটন খাতেই নয়, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে।

