
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রানওয়েতে ঢুকে পড়ার অভিযোগে ফেরদৌস (২২) নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে যুবকটি অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে বিনা বাধায় এপ্রন এলাকায় প্রবেশ করেন। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া সাধারণ যাত্রীদের রানওয়ে বা এপ্রন এলাকায় প্রবেশের কোনো অনুমতি নেই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরদৌস জানিয়েছেন, তিনি মেহেরপুর জেলার বাসিন্দা এবং চাচাকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন। বিমান অবতরণে দেরি হওয়ায় তিনি বিমান দেখার উদ্দেশ্যে রানওয়েতে চলে যান। পরে তাকে আটক করে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারির পর সোমবার (২৭ এপ্রিল) শাহজালালসহ দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তা জোরদার করার মাত্র একদিন পরই এই অনুপ্রবেশের ঘটনা ঘটায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


