
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক আজ সিএএবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা সংবলিত একটি চিঠি পাওয়ার পরপরই সিএএবি উচ্চ সতর্কতা জারি করে। এরই প্রেক্ষিতে সব বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল ভবন ও সংবেদনশীল স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আগমন ও প্রস্থান উভয় এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে অতিরিক্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানা গেছে।
সিএএবি চেয়ারম্যান উল্লেখ করেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে কর্মরত সকল আইন প্রয়োগকারী সংস্থাকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশজুড়ে সব বিমানবন্দরেই এই উচ্চ সতর্কতা বহাল রয়েছে।


