
পর্যটন সংবাদ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়োগ সংস্থা সমিতি (বাইরা) সিন্ডিকেটবিরোধী সংযুক্ত ফ্রন্টের আয়োজিত মানববন্ধনে ফেনী-৩ আসনের সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজার একচেটিয়া করে ধ্বংস করার দায়ে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ওয়ান-ইলেভেন আমলের অন্যতম মূল হোতা মাসুদ উদ্দিন চৌধুরী শেখ হাসিনা সরকারের সময়ে একটি অবৈধ সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকালুটপাট করেছেন। এই অর্থ বিদেশে পাচার করে অগণিত যুবক ও তাদের পরিবারকে আর্থিক ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন বলে তারা উল্লেখ করেন।
বাইরার সাবেক যুগ্ম সচিব এম এ সালাম বলেন, সিন্ডিকেটের প্রধান হোতা মাসুদ উদ্দিন চৌধুরী সম্প্রতি গ্রেপ্তার হলেও তাঁর ঘনিষ্ঠ সহযোগী নিজাম হাজারী, বেনজির আহমেদ, লোটাস কামাল, স্বপনসহ অন্যরা এখনও ধরাছোঁয়ারবাইরে রয়েছেন। বিক্ষোভকারীরা তাদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগে বলা হয়, মাসুদ উদ্দিনের নেতৃত্বে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে।সিন্ডিকেটটি চাকরিপ্রার্থীদের কাছ থেকে চাঁদাবাজি করে বৈধ শ্রমবাজারের সব পথ ধ্বংস করে দিয়েছে। ফলে হাজার হাজার তরুণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং অনেকে প্রতিশ্রুত চাকরি না পেয়ে প্রতারিত হয়েছেন।
বাইরা সিন্ডিকেটবিরোধী সংযুক্ত ফ্রন্ট ক্ষতিগ্রস্ত বৈধ নিয়োগকারী সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করে। সংগঠনটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করার আহ্বান জানিয়েছে। তারা মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বচ্ছ ও আইনসম্মত নিয়োগ প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কর্তৃপক্ষের ওপর চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।



