
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, বর্তমান সরকারের অধীনে টার্মিনালটি চালু করার বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে কাজ করেছে। এর অংশ হিসেবে জাপানের উপমন্ত্রীর সঙ্গে আলোচনা ও বৈঠকও হয়েছে। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উদ্বোধনের পর্যায়ে পৌঁছানো যায়নি।
শেখ বশির উদ্দিন আরও জানান, যদিও উদ্বোধন সম্ভব হচ্ছে না, তবে টার্মিনালটি ভবিষ্যতে চালুর জন্য প্রয়োজনীয় পদ্ধতিগত প্রস্তুতি এবং কার্যক্রম চালু করার কাজ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সক্রিয় করার ওপর এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।
টার্মিনাল উদ্বোধনের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান উপস্থিত ছিলেন।



