
ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রস্তুতি ও মতামত সংগ্রহে দ্বিতীয় দিনের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দিনের প্রথম পর্বের আলোচনা শুরু হয়, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
প্রথম সেশনে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধি দল। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দলগুলোর প্রস্তাব, আশঙ্কা এবং নির্বাচনী পরিবেশ–সংক্রান্ত মতামত শোনাকেই গুরুত্ব দিচ্ছে কমিশন।
বিকেল সেশন আরও ব্যস্ততাপূর্ণ হতে যাচ্ছে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসি।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, আর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল অবস্থায় রয়েছে।
এ ছাড়া তিনটি নতুন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—নিবন্ধনের চূড়ান্ত ধাপ পার করছে। তাদের বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কমিশন।
সংলাপ চলবে আরও কয়েকদিন। নির্বাচন কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সরাসরি মতামত সংগ্রহ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।



