
পর্যটন সংবাদ ডেস্ক : সিলেট নগরীর সাতটি এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, ওইদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের কারণে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমারের মেরামত এবং গাছের ডালপালা কাটার কাজের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।”
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এলাকা এবং আশপাশের অঞ্চল।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।



