আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরী অপসারিত, অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ অনুমতি দেয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে পদচ্যুত হন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ফরমান আর চৌধুরীকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য আবেদন করেছিল। পর্যালোচনার পর বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্তে সম্মতি জানায়।

ব্যাংকের নথিপত্রে জানা গেছে, ফরমান আর চৌধুরীর বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়োগে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, খেলাপি ঋণ গোপন, নিরাপত্তা সঞ্চিতি ছাড়াই মুনাফা দেখানো, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে অনিয়ম, অতিরিক্ত বোনাস ও বেতন বৃদ্ধি। এছাড়া তিনি বেতনের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছিলেন, যা পরে ফেরত দেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, “ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত হয়েছি। ফলে ফরমান আর চৌধুরীকে অপসারণে কোনো বাধা নেই।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক। এরপর নতুন স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয়া হয়। গত এপ্রিল মাসে ফরমান আর চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে নিরীক্ষায় তার নানা অনিয়ম ধরা পড়লে অপসারণের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকটি ছিল ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার ভাই আবদুস সামাদ। সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা আসার পর ব্যাংকটির আর্থিক অনিয়ম ও ব্যবস্থাপনা দুর্বলতা নিয়ে বেশ কিছু প্রতিবেদন পায় বাংলাদেশ ব্যাংক।

Read Previous

কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে সর্ববৃহৎ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন, হাজারো পুণ্যার্থীর ঢল

Read Next

সুন্দরবনের ডিমের চড়: নদী, বন আর বালুচরের মায়ায় হারিয়ে যাওয়ার এক স্বর্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular