
পর্যটন সংবাদ ডেস্ক: রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। একই সময়ে নতুন করে ৭৮২ জন ডেঙ্গু রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বাধিক ১৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৮৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৮ জন, দক্ষিণ সিটিতে ৯০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহীতে ৬৪ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১১ জন এবং সিলেট বিভাগে ৫ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৫০ হাজার ৬৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যে ৪৮ হাজার ১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বছরের শেষভাগে এসে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি এখনো উদ্বেগজনক। তারা মশা নিধনে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।



