
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজনকে অন্ধভাবে বিশ্বাস করাটা ছিলো তাদের সবচেয়ে বড় ভুল। সেই আস্থার জায়গা থেকেই প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “যাদের ওপর ভরসা করেছি, তারাই আমাদের পিছন থেকে আঘাত করেছে। খুব শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে।”
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের সঙ্গে যুক্ত হন ছাত্র প্রতিনিধি ও তরুণ নেতৃত্বরা। এক সময় একজন পদত্যাগ করলেও তরুণদের দল এনসিপি থেকে নেতৃত্বে থাকেন নাহিদ ইসলাম। বর্তমানে উপদেষ্টা পরিষদে আছেন দুইজন সদস্য।
ছাত্রদের উপদেষ্টা করা নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না।” তবে সেই সঙ্গে তিনি যোগ করেন, “উপদেষ্টাদের মধ্যে কয়েকজনের আচরণ আমাদের গভীরভাবে হতাশ করেছে। তারা এখন সেফ এক্সিটের চিন্তা করছে, রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগও তৈরি করে রেখেছে।”
নাহিদ আরও দাবি করেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”
নাহিদের এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার ঘোষণায় ড. ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।



