১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজাগামী ফ্লোটিলায় উত্তেজনা, ভিডিও বার্তায় জানালেন শহিদুল আলম

পর্যটন সংবাদ ডেস্ক: গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একাধিক ভিডিও বার্তা দেন।

প্রথম ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তারা তখন সমুদ্রপথে অগ্রসর হচ্ছিলেন। এসময় খবর পান, ফ্লোটিলার অগ্রবর্তী জাহাজ আলমা-এর ওপর আক্রমণ হয়েছে। কিছুক্ষণ পর থেকে আলমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, “আমাদের জাহাজ নৌবহরের সবচেয়ে বড় এবং সর্বশেষে আছে। আলমার ওপর যা হচ্ছে, সেটি আমাদের ওপরও ঘটতে পারে বলে আশঙ্কা করছি। তাই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, বিভিন্ন দেশের যাত্রীরা যে যার দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং ঘটনার আপডেট দিতে চাইছেন।

এর প্রায় দুই ঘণ্টা পর দেওয়া আরেক ভিডিও বার্তায় শহিদুল আলম সমুদ্রের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। এই ঝড়ো আবহাওয়ার মধ্যেই দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ওপর কী আসবে, তা এখনো স্পষ্ট নয়।”

শহিদুল আলমের ভাষায়, ইসরায়েল সরাসরি আক্রমণ চালিয়ে ফ্লোটিলার অন্য জাহাজগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে। “তারা আমাদের আতঙ্কিত করতে চাইছে, কিন্তু আমরা একসঙ্গে থেকে প্রতিরোধ করছি। আমরা চাই আপনারাও জানাবেন যে, আপনারা আমাদের সঙ্গে আছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে পাশে আছেন।”

মানবিক সহায়তা নিয়ে গাজার উদ্দেশে রওনা দেওয়া এই বহরকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

Read Previous

সীমান্তঘেঁষা পাঁচগাঁও পাহাড়: প্রাকৃতিক সৌন্দর্যে ভ্রমণপিপাসুদের ভিড়, সীমান্তে সতর্কবার্তা

Read Next

জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular