১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে আটকে পড়া দুই হাজার পর্যটক সেনা নিরাপত্তায় খাগড়াছড়িতে ফিরলেন

পর্যটন সংবাদ ডেস্ক: খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আটকে পড়া প্রায় দুই হাজার পর্যটক শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে ফিরেছেন। রাত ১০টার পর তারা শাপলা চত্বরে পৌঁছান এবং পরে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক গাড়িতে পর্যটকরা সাজেক ভ্রমণে যান। শনিবার দুপুরেই ফেরার কথা থাকলেও আকস্মিক সড়ক অবরোধের কারণে তারা সেখানে আটকা পড়েন। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাজেক থেকে দীঘিনালায় নামানো হয় পর্যটকদের। পরে পরিস্থিতি অনুকূলে আসলে তাদের খাগড়াছড়ি শহরে আনা হয়।

ময়মনসিংহ থেকে আসা পর্যটক ছাদেকুল ইসলাম বলেন, “খাগড়াছড়ির পরিস্থিতি আমরা জানতাম না। দীঘিনালায় সারাদিন আটকে ছিলাম। সেনাবাহিনীর সহায়তা না পেলে ফিরতে পারতাম না।”

অন্যদিকে কক্সবাজারের পর্যটক মো. শরীফ হোসেন জানান, “শুক্রবার রাতেই অবরোধের খবর পাই। শনিবার সকালে সাজেক ছাড়লেও দুপুর পর্যন্ত কিছু খেতে পারিনি।”

শান্তি পরিবহনের কাউন্টার কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, পর্যটকদের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। সবাই নিরাপদে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, সেনাবাহিনীর সক্রিয় তৎপরতার কারণে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পর্যটকদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Read Previous

গাজীপুর সাফারি পার্ক: শহরের কাছে বন্যপ্রাণীর অনন্য অভয়ারণ্য

Read Next

টঙ্গীর অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular