অর্থনীতির বাইরেও পরিবার ও সম্প্রীতির শক্তি জাগায় পর্যটন: বশিরউদ্দিন

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আজ শনিবার বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত রঙিন র‍্যালি, সাইকেল র‍্যালি, সিটি ট্যুর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

অনুষ্ঠানে তিনি বলেন, পর্যটনকে কেবল অর্থনৈতিক খাত হিসেবে দেখা যথেষ্ট নয়। এর মূল শক্তি হলো পরিবারে, সমাজে ও রাষ্ট্রে আনন্দ, সম্প্রীতি এবং একসাথে থাকার পরিবেশ তৈরি করা। “ভ্রমণ মানেই শুধু অর্থনীতির চাকা ঘোরানো নয়, এটি নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পারিবারিক আনন্দ আর মিলনের এক উৎস,” মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও জানান, ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক করতে পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে ‘পর্যটক আচরণবিধি’ চালু করেছে। এতে পর্যটন সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ ছিল। পাশাপাশি আসন্ন জাতীয় পর্যটন মাস্টার প্ল্যানে পরিবারবান্ধব পরিবেশ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে।

সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি পর্যটন ভবন থেকে শুরু হয়ে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি সঙ্গীত কলেজ ও সরকারি কর্ম কমিশনের সামনে দিয়ে ঘুরে আবার আগারগাঁওয়ে শেষ হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল সাইকেল র‍্যালি, সিটি ট্যুর, খাবারের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যা রাজধানীর পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

পর্যটন সংবাদ মনে করছে, সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকরা আরও বেশি আস্থা নিয়ে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী হবেন।

Read Previous

অর্থনীতির নতুন ভরসা হতে পারে পর্যটন

Read Next

থাইল্যান্ডে বিশ্ব পর্যটন দিবস: টেকসই রূপান্তর ও নতুন উদ্যোগের অঙ্গীকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular