শারদীয় দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা, কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর কোনও ধরনের নিরাপত্তাঝুঁকি নেই, বরং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

তিনি জানান, সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির প্রতিটি মণ্ডপে সাতজন ভলেন্টিয়ার এবং আটজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তার কাজে যুক্ত থাকবেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নারায়ণগঞ্জে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। এবার তা আরও দৃঢ় হয়েছে। পূজা হবে উৎসবমুখর পরিবেশে, নিরাপত্তায় কোনও ঘাটতি থাকবে না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ পূজা উদযাপন কমিটির নেতারা।

Read Previous

সেবা না পাওয়ায় মানুষ ট্যাক্স দিতে অনাগ্রহী: ড. সালেহউদ্দিন আহমেদ

Read Next

কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা: পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular