সেবা না পাওয়ায় মানুষ ট্যাক্স দিতে অনাগ্রহী: ড. সালেহউদ্দিন আহমেদ

পর্যটন সংবাদ ডেস্ক: অর্থনীতির গতি বাড়াতে শুধু ট্যাক্স ও ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে বহুমুখী অর্থায়ন কাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অর্থ বিশেষজ্ঞরা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে তারা এ মত দেন।

সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো মাত্র ৭.২৫ শতাংশ, যেখানে ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। তার মতে, মানুষ ট্যাক্স দিলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় রাজস্ব কাঠামো দুর্বল হয়ে আছে। তিনি সতর্ক করেন, সবাই ট্যাক্স কমানোর দাবি করলেও বাস্তবে তা বেতন-ভাতা প্রদানে সংকট তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, অর্থায়নের ঘাটতি কাটাতে কেবল ট্যাক্স বা ব্যাংক ঋণের ওপর নির্ভর করলে চলবে না। প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে হবে এবং নতুন অর্থায়ন খাতকে কাজে লাগাতে হবে।

একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের শেয়ারবাজার এখনো দুর্বল। ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজারকে সক্রিয় করার বিকল্প নেই।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী মনে করেন, অর্থনৈতিক নীতিতে নিয়ন্ত্রণমূলক মানসিকতা থেকে বের হয়ে উন্নয়নকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি না হওয়ায় অনেক অর্থ দেশ থেকে বাইরে চলে যাচ্ছে।

সেমিনারে বক্তারা জোর দিয়ে বলেন, টেকসই অর্থনীতি গড়তে হলে রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মূলধন বাজার, প্রাইভেট সেক্টর এবং বিদেশি বিনিয়োগের জন্য বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।

Read Previous

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতিতে বাংলাদেশের স্বাগত

Read Next

শারদীয় দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা, কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular