
পর্যটন সংবাদ ডেস্ক: সোমবার সকাল—রাজধানীতে ভোর থেকেই নামে অঝোর বৃষ্টি। সকাল পৌনে ছয়টা থেকে শুরু হয়ে টানা সাতটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এর আগে রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছিল। এতে রাজধানীর অধিকাংশ সড়কে পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও অফিসগামী মানুষ।
সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। কোথাও আবার কোমরসমান পানি দেখা গেছে।
কারওয়ান বাজারগামী চাকরিজীবী শামীমা নাসরিন জানান, গ্রিনরোড পার হওয়ার সময় তাকে হাঁটুপানি ভেঙে যেতে হয়েছে। পশ্চিম তেজতুরী বাজার এলাকায় রিকশার আসন পর্যন্ত পানি উঠে যায়। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের সড়কেও একই অবস্থা ছিল বলে জানান চাকরিজীবী শিপন আহম্মেদ।
রাতের শিফট শেষে বাসায় ফেরার পথে এস এম জারিফ বলেন, জিগাতলা, গ্রিনরোড ও নিউমার্কেট এলাকায় রাস্তাজুড়ে পানি জমে ছিল। অনেক স্কুলগামী শিশু ভিজে গেছে, আর অনেককে বাবা–মা কোলে নিয়ে হাঁটতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবেই এই বৃষ্টি নামছে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপ ইতোমধ্যেই তৈরি হয়ে থাকতে পারে। এর প্রভাবে শুধু ঢাকাই নয়, দেশের উপকূলীয় অঞ্চল ও বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা বেশি। তিনি আরও বলেন, আজ থেকে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া থাকতে পারে।
এর আগে কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল মানুষ। শনিবার ও রোববার রাজধানীর আকাশ ছিল ঘোলাটে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে।



