
পর্যটন সংবাদ ডেস্ক: ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।
এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন লড়ছেন।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। ক্যাম্পাসের প্রধান গেটসহ অধিকাংশ গেট বন্ধ রাখা হয়েছে, খোলা রয়েছে কেবল প্রান্তিক গেট ও মীর মশররফ হোসেন হল গেট।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। দীর্ঘ অপেক্ষার পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



