
পর্যটন সংবাদ ডেস্ক: বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলায় শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতাল কার্যকর করছেন নেতাকর্মীরা। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল ৮টার দিকে জেলা সদরে মিছিল বের হয়, পরে সাড়ে ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। তারা চারটি আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গেল ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি বাদ দিয়ে তিনটি আসনের প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। স্থানীয়দের তীব্র আপত্তি ও শুনানিতে অংশগ্রহণ সত্ত্বেও ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে আসন সংখ্যা বহাল রাখা হয়নি।
গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট, রামপাল, মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা) আসনে ভোট হবে। অথচ দীর্ঘদিন ধরেই জেলায় চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল।
সর্বদলীয় সম্মিলিত কমিটি অভিযোগ করেছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গণমানুষের দাবি উপেক্ষা করেছে। তাই চার আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।



