
পর্যটন সংবাদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আসন সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, যা দূর-দূরান্তের যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তবে স্থানীয়রা এই সিদ্ধান্তকে ‘অবিচার’ হিসেবে অভিহিত করছেন।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, “বিজয়নগরকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়ন দুটি। পাশাপাশি, মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন।”
বক্তারা দুই ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি না মেনে অবহেলা করলে বৃহত্তর আন্দোলন এবং অবরোধের ঘটনাগুলো আরও তীব্র হতে পারে।



