পর্যটন সংবাদ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ বিতর্কে ভারতের পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন জয়শঙ্কর। এর আগে প্রকাশিত খসড়া তালিকায় ২৬ সেপ্টেম্বর ভারতের হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল মোদির।
এদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা বক্তব্য রাখবেন ২৬ সেপ্টেম্বর। অধিবেশনের শুরুতেই ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরপর মঞ্চে উঠবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনে গিয়ে মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে পরবর্তী সময়ে রাশিয়ার জ্বালানি কেনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে সেই টানাপোড়েন আরও বাড়ে।
জাতিসংঘের বক্তাদের তালিকা সবসময়ই পরিবর্তনযোগ্য। অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এ তালিকায় পরিবর্তন আসতে পারে।
এবারের অধিবেশনে ফিলিস্তিন প্রসঙ্গও বড় ইস্যু হয়ে উঠেছে। জানা গেছে, ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। তবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে সেই উদ্যোগ ঠেকানোর চেষ্টা করছে।
সূত্র: এনডিটিভি



