
পর্যটন সংবাদ ডেস্ক: সিঙ্গাপুরে প্রকাশিত সর্বশেষ ধনীদের তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী মুহাম্মদ আজিজ খান। সামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবে পরিচিত এই শিল্পপতি এবার তালিকায় ৪৯তম স্থানে রয়েছেন।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত তালিকা অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। আগের দুই বছরের তুলনায় সম্পদ কিছুটা কমলেও কয়েক বছর ধরেই তিনি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে অবস্থান ধরে রেখেছেন। ২০২৩ সালে তাঁর অবস্থান ছিল ৪১তম এবং ২০২২ সালে ৪২তম। বিশ্বব্যাপী ধনীদের তালিকায় তিনি রয়েছেন ২৭৯০তম স্থানে।
আজিজ খানের সম্পদের মূল উৎস বিদ্যুৎ খাতের ব্যবসা। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে বিদ্যুৎ খাতে কাজ করছে তাঁর সাম্রাজ্য, যা নিবন্ধিত সিঙ্গাপুরে হলেও ব্যবসার মূল কেন্দ্র বাংলাদেশ। ২০১৯ সালে তিনি জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করেন।
৭০ বছর বয়সী মুহাম্মদ আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। বিদ্যুৎ ছাড়াও বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা পরিচালনা করছে সামিট গ্রুপ। তিন সন্তানের জনক এই ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।



