
পর্যটন সংবাদ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় হাজারের বেশি মানুষ। রবিবার গভীর রাতে (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানিয়েছেন, কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। সেখানে ৬১০ জন নিহত ও প্রায় ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। নানগারহারে প্রাণহানি ১২ জন, আহত অন্তত ২৫৫। বহু ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। পরবর্তী সময়ে আরও অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২। সংস্থাটি সতর্ক করেছে, এই বিপর্যয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
কুনারের নুরগাল জেলার মাজার উপত্যকায় সবচেয়ে বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। পাহাড়ি এই এলাকায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানোর আশ্বাস দিয়েছেন।
এখনও অনেকে নিখোঁজ আছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



