
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) রাতে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুরুতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সংঘর্ষ বাড়তে থাকলে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়। আইএসপিআর জানায়, উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে সংগঠিতভাবে সহিংসতায় জড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত ৯টার দিকে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করে। মশাল মিছিল বের করে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
আইএসপিআর জানায়, শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে এবং জানিয়েছে, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত।



