পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, নুরের কিছুটা হুঁশ ফিরেছে।
সেই পোস্টে নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “নুরুল হক নুরের ওপর গতরাতের হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, চিকিৎসকরা নুরের মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর অবস্থার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এরপর রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা নুরকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের নাক ও মুখ থেকে রক্ত ঝরছে এবং বুক রক্তে ভিজে গেছে। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিতে দেখা যায় সংগঠনটির কর্মীদের।
‘পর্যটন সংবাদ’ পাঠকদের উদ্দেশে বলা যায়, দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানুষের নিরাপত্তা ও চলাচলের বিষয়ও গভীরভাবে জড়িত। তাই ভ্রমণ কিংবা যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সচেতন মহল।



