
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। পর্যটন সংবাদ: সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মৌখালী এলাকায় মালঞ্চ নদীর চরে গড়ে ওঠা একটি অবৈধ রিসোর্ট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে চারটি ফুট ট্রেল, একটি গোলচত্বর ও একটি অফিসঘরসহ এএন্ডএন ট্রাভেল অ্যান্ড ট্যুরস নামের রিসোর্টটির সকল স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশ ও বন আইনের লঙ্ঘন করে নির্মিত এসব স্থাপনা সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। স্থাপনাগুলো কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই নদীর চর দখল করে নির্মাণ করা হয়েছিল। মালিক প্রশাসনের কাছে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
ভূমি কর্মকর্তা সঞ্জয় রায় অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, বন বিভাগের ফরেস্টার ফায়েজুর রহমান এবং নীলডুমুর ট্যুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভূমি কর্মকর্তা সঞ্জয় রায় বলেন, মালিককে আগেই স্থাপনা সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা অমান্য করায় আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে।
বন বিভাগের ফরেস্টার ফায়েজুর রহমান জানান, খুলনার মাহাবুব আলম নামের এক ব্যক্তি আট মাস আগে মালঞ্চ নদীর চরে রিসোর্ট নির্মাণ শুরু করেন। পানি উন্নয়ন বোর্ড আগে বাঁধ মেরামতের জন্য সেখানে জিও ব্যাগ ফেলেছিল। পরে ওই ব্যক্তি প্রভাব খাটিয়ে বাঁধের ওপর রিসোর্ট গড়ে তোলেন।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সুন্দরবন রক্ষায় অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ ঠেকাতে নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি।



