পর্যটন সংবাদ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান এয়াল জামির। তার মতে, গাজা নগরী দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনের ওপর গুরুতর ঝুঁকি তৈরি করছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এই আহ্বান এসেছে এমন এক সময়ে যখন বন্দিদের পরিবারগুলো সরকারের ওপর ক্রমাগত চাপ দিচ্ছে যেন একটি পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছে প্রিয়জনদের মুক্ত করা যায়।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩–কে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জামির বলেন, “একটি প্রস্তাব এখন টেবিলে রয়েছে, তা গ্রহণের সময় এসেছে। সেনাবাহিনী এর বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা নেতানিয়াহুর।”
তিনি স্পষ্ট করে জানান, গাজা দখলের সামরিক সক্ষমতা সেনাদের রয়েছে, কিন্তু এই পদক্ষেপ বন্দিদের জন্য প্রাণঘাতী হতে পারে।
বন্দিদের পরিবারগুলো সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে অন্তত ৫০ জন জিম্মি মুক্ত হোক এবং যুদ্ধের সমাপ্তি ঘটুক।
ইসরায়েলের হিসাব অনুযায়ী, হামাসের হাতে এখনও প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, এর মধ্যে ২০ জন জীবিত। অন্যদিকে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে।
বর্তমান প্রস্তাবে সীমান্তের কাছে সেনা পুনর্বিন্যাস, মানবিক সহায়তা পৌঁছানো, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে বন্দিবিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে ১০ জন জীবিত জিম্মি ও ১৮টি মরদেহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।
জাতিসংঘের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬২ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।



