গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | পর্যটন সংবাদ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় আরও ৭১ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫১ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (২২ আগস্ট) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে অব্যাহত বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে।

আল জাজিরার প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার শরণার্থী তাঁবুগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। এছাড়া গাজা সিটির তুফাহ এলাকায় আরও একজনকে হত্যা করা হয়েছে বলে আল-আহলি হাসপাতালের একটি চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহার ও অপুষ্টিতে নতুন করে দুইজন মারা গেছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭৩ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।

এ পর্যন্ত চলমান যুদ্ধে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরুর পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।

এছাড়া মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় এই ধরনের হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিককে জিম্মি করা হয়েছিল।

Read Previous

গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Read Next

যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনয়ন দিলেন ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular